নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

বহু প্রতীক্ষিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। এই আয়োজনকে ঘিরে ভারতের রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে সম্মেলনের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি এবং রাজধানীর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এবারের ব্রিকস সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও এবারের শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হয়ে উঠতে পারে।