রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

রাজধানীর ডেমরায় বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। রবিবার (১৬ আগস্ট) নিঝুমবাগের একটি বাড়িতে এই বস্তু দুটি খুঁজে পাওয়ার পর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টার দিকে তথ্য পাওয়ার পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বর্তমানে তারা ঘটনাস্থলে কার্যক্রম পরিচালনা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে বেশ দূরে রাখা হয়েছে।

সিটিটিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার সূত্র ধরে আসামি ধরতে গিয়েই ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বোমা সদৃশ বস্তু দুটির সন্ধান মেলে। ওই কর্মকর্তা আরও জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট ইতোমধ্যে একটি বস্তু নিষ্ক্রিয় করেছে এবং অন্যটি নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।