দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সরকার কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বর্তমানে আওয়ামী লীগের নামে কোনো ধরনের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানো নিষিদ্ধ। দলটির ব্যানারে সাধারণ মিছিল বা সভা-সমাবেশ করাও আইনত অবৈধ। অথচ এসবের আড়ালে সহিংসতা ও নৃশংসতা চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সরকার সহ্য করার কোনো কারণ নেই।
গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগের উসকানিতে যারা নিজেদের বিপদ ডেকে আনছে, তাদের অবশ্যই এই অপরাধের মাসুল দিতে হবে। তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় যাদের ছবি শনাক্ত করা গেছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের বল প্রয়োগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, পুলিশের বল প্রয়োগের অধিকার আছে, তবে তা হবে আনুপাতিক হারে। আগে পুলিশের বল প্রয়োগে যে অসমতা ছিল, তা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যা সরকারকে সংকটে ফেলার একটি কৌশল। সরকার এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক নজরদারি রাখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা তাদের রয়েছে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের অনেক স্তরেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রজাতন্ত্রের কোনো কর্মচারী দায়িত্ব পালনরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে তা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের কাছে তথ্য পাওয়ার নিজস্ব কার্যকর ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

