বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সমাধি ও এর আশেপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং হাবিব উন নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানের আশেপাশে সমবেত হতে থাকেন। বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত এলাকাটি হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেক কর্মীর হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছেন।

জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে সমাধি এলাকায় কোরআন তেলাওয়াত করা হয়। তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহম্মাদ বলেন, বিএনপি আমাদের আবেগ ও ভালোবাসার নাম, তাই প্রতিবছরই আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি কয়েক দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সমাধি জিয়ারত, আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি।