জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রুহুল কবির রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি সমাধিস্থলে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ-এ্যাব, ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সকাল সোয়া ৯টায় জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেন এবং ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারা দেশে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। দলের পক্ষ থেকে পাঁচদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৫ই সেপ্টেম্বর ঢাকায় আলোচনা সভা রয়েছে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও আন্দোলনের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকাই বর্তমান সরকারের লক্ষ্য। তারেক রহমান দিন-রাত সামাজিক সুরক্ষা ও উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

রিজভী আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৫ সালের পর ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপির যাত্রা শুরু হয়েছিল। গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা এবং বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ তৈরির ক্ষেত্রে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বর্তমান জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। সরকার ইতোমধ্যে সংকট সমাধানে প্রায় ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করছে এবং মহেশখালীর টার্মিনালের ত্রুটি সারিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।