সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকায় নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, গত মঙ্গলবার সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাজ্জাক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার সকালে সমেশপুর এলাকার হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় স্থানীয়রা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন হোসনে আরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি তার ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেছেন। ওসি মোক্তারুজ্জামান আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজ্জাককে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে রেখেছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

