বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা কোনো ‘অদৃশ্য ইশারায়’ বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের দুই পাশে অবস্থিত প্রতিবেশী দেশগুলো সমুদ্র থেকে সফলভাবে গ্যাস আহরণ করলেও আমাদের এখানে তা করা হয়নি।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যাটি হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশকে ক্রমান্বয়ে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
সমুদ্রে খননকাজ বন্ধ রাখার পেছনে একটি বিশেষ ধারণা প্রচলিত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অনেকেই মনে করেন কোনো বিশেষ দেশকে সুবিধা দিতে বা তাদের স্বার্থ রক্ষা করতেই বঙ্গোপসাগরে অনুসন্ধান কাজ বন্ধ রাখা হয়েছিল।

