দখলে বাংলার বাণী ভবন: নেপথ্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মতিঝিলের ৮১ নম্বর ঠিকানায় অবস্থিত ঐতিহাসিক চারতলা বাংলার বাণী ভবনটি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। ৫৩ বছরের পুরাতন এই ভবনটির দেয়ালে লেপ্টে আছে বহু ইতিহাস। ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভবনটিকে ঘিরে কয়েক দফা দখলের চেষ্টা চালানো হয়। স্থানীয় ব্যবসায়ী ও ভবন সংশ্লিষ্টদের অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে ভবনটির অধিকাংশ অংশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কব্জায় রয়েছে এবং এর নেপথ্যে রয়েছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ল’ চেম্বার ও রাজনৈতিক কার্যালয় ছিল। ৫ই আগস্টের পর বিক্ষুব্ধ জনতা ভবনটিতে হামলা চালায় এবং পরবর্তীতে সমন্বয়ক পরিচয়ধারী কিছু ব্যক্তি এটি দখলের চেষ্টা করেন। এরপর বিএনপি’র কিছু নেতাকর্মীও সেখানে প্রবেশের চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত গণঅধিকার পরিষদের নেতারা ভবনটির নিয়ন্ত্রণ নেন। স্থানীয়দের ভাষ্যমতে, সারোয়ার হোসেন সানী ও সুমন নামের দুই ব্যক্তি দলটির ব্যানারে ভবনের তদারকি করছেন। সুমন বিএনপি’র একটি অঙ্গসংগঠনের সাথেও যুক্ত বলে জানা গেছে। এছাড়া গণঅধিকার পরিষদের ২১ জন নেতাকর্মী নিয়মিত সেখানে যাতায়াত করেন।

ভবনটির নিচতলায় থাকা প্রিমিয়ার ব্যাংকের একটি সূত্র জানায়, ২০০২ সাল থেকে প্রকৃত মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করছে। ৫ই আগস্টের দুদিন পর কিছু দুর্বৃত্ত ল’ চেম্বারের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। দখলদাররা ব্যাংক কর্তৃপক্ষকে ভাড়া তাদের কাছে জমা দেওয়ার জন্য হুমকি দিলেও, বৈধ কাগজপত্র না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এমনকি ভাড়া না দিলে শাখা সরিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরজমিন দেখা যায়, চারতলা ভবনটির সামনে পেছনে দু’দিকেই প্রবেশ করার ব্যবস্থা আছে। সামনের দিকে ৬টি সিসি ক্যামেরা ও ৮২ নম্বর হোল্ডিংয়ের পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভবনটির পেছনের অংশে সম্প্রতি 'পানসি' নামের একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে, যার মালিকানায় গণঅধিকার পরিষদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া ভবনের একই অংশে ছোট পরিসরে ব্যবসায়িক দোকানও গড়ে উঠেছে। ভবনটির বর্তমান অবস্থা সম্পর্কে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি তার জানা নেই এবং থানায় এ সংক্রান্ত কোনো অভিযোগও আসেনি।

১৯৭১ সালের আগে উর্দু দৈনিক 'পয়গাম'-এর কার্যালয় হিসেবে পরিচিত এই ভবনটি স্বাধীনতার পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে এবং ১৯৭২ সালে শেখ ফজলুল হক মণি এর নিয়ন্ত্রণ নিয়ে 'বাংলার বাণী'র কার্যক্রম শুরু করেন। ১৯৭৩ সালে ভবনটি নতুন রূপ পায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর ভবনটি দীর্ঘ সময় সরকারি নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভবনটির দখল ফিরে পান এবং সেখানে তার রাজনৈতিক কার্যালয় স্থাপন করেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে তিনি বিদেশে চলে যাওয়ায় এবং ক্ষমতা পরিবর্তনের ফলে ভবনটি পুনরায় ৮০ শতাংশ দখল প্রক্রিয়ার শিকার হলো।