ব্যাটিংয়ে ফের ব্যর্থতার পরিচয় দিলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বি গ্রুপের রানার্সআপ বাংলাদেশ।
এদিন শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে ২৩ এবং নাহিদা আক্তারের ব্যাট থেকে ১৬ রান আসে। দলের অন্যান্য ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলেও বোলারদের দৃঢ়তায় স্বল্প পুঁজি নিয়েও জয় তুলে নেয় টাইগ্রেসরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে। মারুফা আক্তারের বিধ্বংসী বোলিংয়ে ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন আমিরাত অধিনায়ক ইশা ওঝা। পরের ওভারেই মারুফা তুলে নেন সামাইরা ধারনিধারকাকে। পাওয়ার প্লের ৬ ওভারে আমিরাত মাত্র ১৫ রান তুলতে সক্ষম হয়।
পাওয়ার প্লের পর রাবেয়া খাতুন দলীয় ২২ রানে রিনিথা রাজিথকে আউট করেন। এরপর সুলতানা খাতুন ১১ রান করা তীর্থ সাথিসকে ফেরান। নাহিদা আক্তার দ্রুতই লাবন্য কেনিকে সাজঘরে পাঠিয়ে আমিরাতকে চাপে ফেলে দেন। দলীয় ৫৬ রানে হেনা আউট হওয়ার পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আরব আমিরাত। হেনা ১৯ বলে ১৮ রান করেন।
ম্যাচে মারুফা আক্তার ৯ রান খরচায় ২ উইকেট নেন। রাবেয়া খাতুন ১৪ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ২ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

