পবিত্র মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও মন্তব্য করেন যে, এ বিষয়ে প্রয়োজন হলে বাংলাদেশ যা করার তা-ই করবে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে বিপুলসংখ্যক মুসলমানের বসবাস। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তিনি মনে করেন। প্রতিমন্ত্রী জানান, মক্কা চুক্তির উদ্যোগকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে এবং এতে যোগ দেয়ার বিষয়ে আগ্রহের কথা ইতিমধ্যে জানানো হয়েছে।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ককে কেবল শ্রমিক ও রেমিট্যান্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। হুমায়ুন কবির জানান, এখন বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে বিস্তৃত ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
সৌদি আরবের উল্লেখযোগ্য বিনিয়োগের উদাহরণ হিসেবে তিনি স্টার রিফাইনারি-২ প্রকল্পের কথা উল্লেখ করেন, যেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি জানান। এছাড়া, শুধু সৌদি আরব নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বিনিয়োগ অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। আগামী ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সফরেও বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে।

