পালানো সন্ত্রাসীদের আশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান হুমায়ুন কবিরের

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ যেমন আশ্রয় দেবে না, ঠিক একইভাবে তিনি আশা করেন যে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন দিল্লি কিংবা ভারতের কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি কনফারেন্স বাতিল করার ঘটনাটিকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে সদিচ্ছা তৈরির পথ সুগম করতে এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশা করে।