জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম। তাপপ্রবাহ, বন্যার প্রকোপ আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বহুমুখী জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ভৌগোলিক অবস্থান, নিচু বদ্বীপভূমি, দীর্ঘ উপকূলরেখা এবং বিপুল জনসংখ্যার কারণে দেশটি ক্রমাগত অস্তিত্বগত সংকটের মুখোমুখি হচ্ছে। এই সংকট কেবল পরিবেশগত নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে খাদ্য ও পানির নিরাপত্তাহীনতা, কৃষির ক্ষতি এবং মানুষের বাস্তুচ্যুতির মতো জটিল সামাজিক ও অর্থনৈতিক সমস্যা।

এই বাস্তব পরিস্থিতি বিশ্বমঞ্চে তুলে ধরতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বক্তব্য রাখবেন। একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কেও প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেবেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকিকে অত্যন্ত গভীর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ৪৬ শতাংশ মানুষ বর্তমানে অতিরিক্ত তাপের সংস্পর্শে রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে এই অঞ্চলের প্রায় ১৮০ কোটি মানুষ বা ৮৯ শতাংশ মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়তে পারে। একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ৪৬ কোটি ২০ লাখ মানুষ ১৫ সেন্টিমিটারের বেশি গভীরতার বন্যার সম্মুখীন হতে পারে। বাংলাদেশে এই প্রভাব আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৯ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার উপকূলগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় প্লাবন, লবণাক্ততা এবং মিঠাপানির উৎসের ওপর মারাত্মক চাপ তৈরি হবে। এতে কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০৫০ সালের মধ্যে চরম আবহাওয়ার কারণে বাংলাদেশের কৃষি জিডিপির এক-তৃতীয়াংশ পর্যন্ত হারানোর আশঙ্কা রয়েছে, যা খাদ্যমূল্য ও গ্রামীণ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সামাজিক অভিঘাত হিসেবে দেখা হচ্ছে মানুষের স্থানান্তরকে। আগামী ৩০ বছরে বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হতে পারে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। জীবিকা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে এই বিশাল জনগোষ্ঠীর শহরমুখী হওয়ার ফলে ঢাকা ও অন্যান্য নগরের অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি হতে পারে।