বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সংলাপ শুরুর প্রস্তুতি

বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ দ্রুত শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিমন্ত্রী পর্যায়ে ‘কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ’ এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ‘কৌশলগত সংলাপ’। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের মধ্যকার এক সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি উঠে আসে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর চীনকে বাংলাদেশের এক বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি ‘এক চীন নীতি’র প্রতি ঢাকার অটল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হওয়ায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সম্পর্ককে ‘অংশীদারিত্বমূলক ভবিষ্যতের লক্ষ্যে চীন-বাংলাদেশ সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদী বিষয়ক সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, এবং রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা। এছাড়া চীনে বাংলাদেশের কাঁঠাল ও পেয়ারা রপ্তানি শুরুর বিষয়েও আলোচনা হয়েছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবীরকে অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতা কামনা করেন। তিনি চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোংলা বন্দর আধুনিকীকরণের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর। এছাড়া মোংলায় একটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলে (সিইআইজেড) প্রায় ৩০টি চীনা কোম্পানি আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। এই বিনিয়োগের ফলে বাংলাদেশে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।