দেশের আর্থিক খাতের সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজস্ব কৌশল অনুসরণ করেই এই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পুনর্গঠন প্রক্রিয়ার প্রথম ধাপে সবচেয়ে বেশি সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে একীভূতকরণ বা মার্জার প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, প্রথম ধাপের কার্যক্রমের পর পরবর্তী পর্যায়ে যেসব ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে, সেগুলোর বিষয়েও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।
পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া সংক্রান্ত উদ্বেগের বিষয়ে মুখপাত্র বলেন, একসঙ্গে অনেকগুলো ব্যাংক আর্থিক সংকটে পড়ায় সব সমস্যার সমাধান একই সময়ে করা সম্ভব হয়নি। তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি গ্রাহকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমানতকারী, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যাংকের সার্বিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের দাবির মুখে ‘হেয়ারকাট’ বাতিল এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনগত ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তিনি আরও বলেন, সরকারি নীতিগত সিদ্ধান্তের পরপরই সার্কুলার জারি করা সম্ভব নয়। বর্তমানে সিদ্ধান্ত বাস্তবায়নের পদ্ধতি, আইনগত কাঠামো ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে নির্দেশনা প্রস্তুতের কাজ চলছে। কারিগরি প্রস্তুতি শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

