বেলুচিস্তানে পাক বাহিনীর টানা তিন দিনের অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর চালানো একাধিক অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডনের খবরে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের ভাষ্যমতে, মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় এসব অভিযান পরিচালিত হয়। সামরিক বাহিনীর দাবি, তাদের লক্ষ্যবস্তু ছিল ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠী এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা। পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করে থাকে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবৃতিতে জানানো হয়, শুক্রবার মাস্তুং জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ছয়জন নিহত হয় এবং ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। কোয়েটা জেলার শাবান এলাকায় চারটি আস্তানা শনাক্ত করে চালানো অভিযানে ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আইএসপিআর।

এ ছাড়া কালাত জেলায় একটি আস্তানায় অভিযানে আরও দুজন নিহত হয়েছেন। পাশাপাশি সিবি জেলার ভাগ এলাকায় একটি স্থানীয় পুলিশ স্টেশনে হামলার চেষ্টা প্রতিহত করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘাত দীর্ঘদিনের একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা নিয়মিতভাবে হতাহতের ঘটনা ঘটাচ্ছে।