শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এই আদেশ দেন।

আদালতে শুনানির সময় আখতারুজ্জামানের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শিশির মনির ও আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এই জামিন আবেদনের বিরোধিতা করেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে পরদিন ২ অক্টোবর গ্রেপ্তার করা হয়।