৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে গিয়ে মেস্ত্রে শহরে তিনি লাঞ্ছিত হয়েছেন বলে দাবি করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি দেশে ফিরেছেন।
দেশে ফেরার পর বাঁধন জানান, হামলার ঘটনার পর ইতালিতে থাকা তার সিনেমার টিমের সদস্যরা তাকে একরকম বর্জন করেছেন। তিনি বলেন, ‘আমার যে টিম, তারা আমাকে ডিজওন (বর্জন) করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও আমাকে না যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ তবে সহশিল্পী সুনেরাহ, জায়নিন ও তার মা তাকে এই কঠিন সময়ে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন বাঁধন।
হামলার পর নিরাপত্তা ও সহায়তার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস তাকে সহায়তা করেছে। ঘটনার রাতেই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে যোগাযোগ করা হয়। এছাড়া ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ বিভাগ তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার প্রয়োজনে উৎসবের পরিচালক তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন।
বাঁধন আরও বলেন, ‘দেশের মানুষ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিরোধী ও সরকারি দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে সাপোর্ট দিয়েছেন, তা আমি কখনো ভুলতে পারব না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ইতালিতে এ নিয়ে মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী।

