অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সংকুচিত করতে চলেছে দেশটির সরকার। নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বামী বা স্ত্রী, সঙ্গী এবং সন্তানদের অস্ট্রেলিয়ায় নেওয়ার সুযোগ সীমিত করা হবে। একই সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন কড়াকড়ি আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
সরকারের এই নতুন অভিবাসন পরিকল্পনার বিভিন্ন দিক ইতিমধ্যে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। জানা গেছে, আগামী ২০২৮ সালের মধ্যে বার্ষিক নিট বিদেশি অভিবাসনের সংখ্যা ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। বর্তমানে দেশটিতে এই অভিবাসীর সংখ্যা প্রায় ৩ লাখের কাছাকাছি।
এই নতুন নীতিমালার বিষয়ে বিস্তারিত ঘোষণা দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি এ বিষয়ে সরকারের বিস্তারিত রূপরেখা তুলে ধরবেন বলে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে জানানো হয়েছে।

