কিশোরগঞ্জে আলেমদের প্রতিবাদের মুখে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট বাতিল

ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতার তীব্র বিরোধিতার মুখে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। গত ৯ই মে ক্রিকেটার সাব্বির রহমানের হাত ধরে উদ্বোধন হওয়া স্থানীয় ‘আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এই কনসার্টের আয়োজন করেছিল। রেস্টুরেন্টের ভোক্তাদের জন্য র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে মোটরসাইকেল জয়ের অফার ও কনসার্টের পরিকল্পনা করা হয়েছিল প্রায় এক মাস আগে।

নির্ধারিত সূচি অনুযায়ী ১৯শে আগস্ট কনসার্টটি হওয়ার কথা ছিল এবং গত ২৫শে জুলাই ফেসবুক পেজের মাধ্যমে অ্যাশেজ ব্যান্ডের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে নোব্যাল ম্যান ও টিম সাথী অ্যান্ড ব্রাদার্সসহ আরও শিল্পীদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়। তবে গত ১৭ই আগস্ট ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ জেলা প্রশাসকের কাছে কনসার্টটি ‘শরীয়তবিরোধী’ উল্লেখ করে তা বন্ধের আবেদন জানান। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদর ইউএনও-কে বিষয়টি অবহিত করেন।

কনসার্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে বাকযুদ্ধ শুরু হলে আয়োজকরা মেয়ে শিল্পী বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং অনুষ্ঠানটি টিকিটবিহীন করার ঘোষণা দেন। এতে পরিস্থিতির আরও অবনতি হয় এবং ইমাম-উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বুধবার বাদ আসর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কনসার্টটির জন্য আয়োজকরা আগে কোনো অনুমতি নেয়নি। এছাড়া আলিশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটির কার্যক্রম পরিচালনারও বৈধ অনুমতি নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঙ্গলবার রাত ১১টার দিকে প্রশাসন স্টেডিয়ামে গিয়ে প্রস্তুতিমূলক কাজ বন্ধের নির্দেশ দেয়। অবশেষে বুধবার দুপুরে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল কনসার্টটি বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, স্থানীয় আলেম সমাজের অভিযোগের প্রেক্ষিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।