কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় সন্দেহভাজন তিন যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। তারা সবাই কোটবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে তাকে ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে দেখা গিয়েছিল। তারা দুজন প্রায় এক ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করেছিল। এরপর সন্ধ্যার দিকে আনাস ও ফাহিমকে আটক করা হয়।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।