মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশ গঠনমূলক কাজে আনসার ও ভিডিপি সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বঙ্গভবনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সাক্ষাতে রাষ্ট্রপতি বিগত গণ-অভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
আনসার ও ভিডিপি মহাপরিচালক এ সময় রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন, যার মধ্যে রয়েছে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে গৃহীত কর্মসূচি। মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী হিসেবে অভিহিত করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠার কথা এবং আনসার বাহিনীর আধুনিকায়ন ও ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাহিনীর অর্জনের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি ভবিষ্যতে আরও জনমুখী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান এবং বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

