বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে দীর্ঘসূত্রতার আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চ আদালতের আপিল বিভাগে এখনও এই মামলার শুনানি শুরু না হওয়ায় চূড়ান্ত নিষ্পত্তিতে আরও ৪ থেকে ৫ বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, কোনো নির্দোষ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়, সে লক্ষ্যেই কাজ করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মেফতাহুল ইসলাম জিয়ন ও মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালানো জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান কার্যতালিকার জট ও মামলার ধারাবাহিকতা অনুযায়ী শুনানি শুরু হতে আরও কয়েক বছর লেগে যাবে। তিনি দাবি করেন, তাঁর মক্কেলরা সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন। আইনজীবী দুলু যুক্তি দেন, মেফতাহুল ইসলাম জিয়নের হাতের লিগামেন্ট ছেঁড়া থাকায় শারীরিকভাবে তিনি কাউকে পিটিয়ে হত্যা করতে অক্ষম ছিলেন। আর মোর্শেদ অমর্ত্য ইসলাম ঘটনার সময় রাজশাহীতে অবস্থান করছিলেন এবং সিআইডির সিসিটিভি ফুটেজে চিহ্নিত ২০ জনের তালিকাতেও তাঁর নাম ছিল না। চূড়ান্ত শুনানিতে তাঁরা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।
এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রপক্ষ কোনো মামলা অন্ধভাবে পরিচালনা করে না, বরং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। আপিল শুনানি বিলম্বের বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে যাওয়ার প্রাথমিক দায়িত্ব দণ্ডপ্রাপ্তদের। সেখানে রাষ্ট্রপক্ষ বিবাদী হিসেবে থাকে এবং শুনানি বিলম্বিত করার কোনো সুযোগ তাদের নেই। বিচারক সংকট ও মামলার জটের মতো কাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত নিষ্পত্তি সম্ভব না হলেও জনগুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত শুনানির জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তৎপর রয়েছে।
২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। এরপর ২০২১ সালের ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্ট ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন এবং পরবর্তীতে ১৬ই মার্চ নিম্ন আদালতের রায় বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন। হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে বলেন, ভিন্নমত পোষণ কোনো অপরাধ হতে পারে না এবং রাজনৈতিক তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া হলের নৃশংস ‘গেস্টরুম টর্চার’ বন্ধ করতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি আবশ্যক বলে উল্লেখ করেন আদালত। একই সঙ্গে আবরারকে বাঁচাতে এগিয়ে না আসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলে উপস্থিত অন্য আসামিদের ব্যর্থতার সমালোচনা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ড বহাল থাকা ২০ জন আসামি হলেন—মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মো. মেফতাহুল ইসলাম জিয়ন, মো. মাজেদুর রহমান মাজেদ, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মো. শামসুল আরেফিন রাফাত, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ সেতু, মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম এবং মুজতবা রাফিদ। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা ৫ জন হলেন—মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা এবং ইশতিয়াক আহমেদ মুন্না। বিচারিক আদালতের রায়ের সময় মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম এবং মুজতবা রাফিদ পলাতক ছিলেন।
এদিকে, ২০২৪ সালের ৬ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে দেয়াল টপকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। পরবর্তীতে একই বছরের ৮ই সেপ্টেম্বর তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ১৬ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রেখে এ আদেশ দেন। তবে রায়ের পর উচ্চ আদালতের আপিল বিভাগে এখনও মামলাটির শুনানি সম্পন্ন হয়নি। আপিল নিষ্পত্তিতে আরও ৪-৫ বছর সময় লাগার আশঙ্কা প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে, কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পান এবং ন্যায়বিচার নিশ্চিত হয়—সে ব্যাপারে রাষ্ট্রপক্ষের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

