আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ, এক মামা ও এক চাচা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌল্লা জানান, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে আবরারের বাবা মো. বরকত উল্লাহ ছেলের হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকরের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী জানান, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন। তিনি পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আবরারের বাবা কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান, যেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ সাঁকো ব্যবহার করে পারাপার করেন। প্রধানমন্ত্রী সেতুটি নির্মাণের আশ্বাস দেন এবং আবরার ফাহাদের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন। এছাড়া আবরারের কবর পাকাকরণ ও পাশের মসজিদটির নির্মাণকাজ অবিলম্বে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

আবরারের বাবা মামলার পলাতক আসামিদের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার প্রায় ছয় মাস পর পরিবারকে জানানো হয়েছিল। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আবরারের মা রোকেয়া খাতুন বলেন, প্রত্যেক ক্যাম্পাসের শিক্ষার্থীই কোনো না কোনো মায়ের সন্তান। তিনি কোনো ক্যাম্পাসেই যেন আগের মতো পরিবেশ ফিরে না আসে এবং কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, সেই আকুতি জানান।

ছোট ভাই আবরার ফাইয়াজ প্রধানমন্ত্রীকে বুয়েট ক্যাম্পাসে যাওয়ার আমন্ত্রণ জানান এবং ক্যাম্পাসে আবরার ফাহাদের নামে একটি নতুন হল নির্মাণের দাবি জানান। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়া নতুন প্রজন্মকে আবরার ফাহাদের বিষয়ে জানাতে পাঠ্যবইয়ে ঘটনাটি অন্তর্ভুক্তির দাবি জানান ফাইয়াজ। জুলাই আন্দোলনে নিহতদের মতো আবরার ফাহাদের মতো বিভিন্ন সময়ে নিহতদের তালিকা করার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সাক্ষাতের সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গার বাসিন্দা আবরার হত্যাকাণ্ডের আগের দিন ফেসবুকে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির সমালোচনা করেছিলেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, যা ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট বহাল রাখেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।