আলোচিত চার হত্যা মামলা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা বহুল আলোচিত চার হত্যা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নারায়ণগঞ্জের নৃশংস সেভেন মার্ডার, পুরান ঢাকায় দর্জি বিশ্বজিৎ দাসকে হত্যা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা—এই চার আলোচিত মামলার আসামিদের চূড়ান্ত দণ্ড কার্যকরের প্রহর গুনছেন ভিকটিম পরিবারগুলোর সদস্যরা। প্রভাবশালী অপরাধীরা যাতে আইনি কোনো ফাঁকফোকর দিয়ে পার পেতে না পারে, সে জন্য রাষ্ট্রপক্ষকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন স্বজনরা।

রাষ্ট্রপক্ষের অবস্থান ব্যাখ্যা করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, এসব মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করেনি, বরং সমগ্র রাষ্ট্রব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল। সাধারণ মানুষের মাঝেও এসব বিচার প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। এ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগে শুনানির তারিখ নির্ধারণ ও মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আপিল শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য রয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। নজরুলের সঙ্গে তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং অন্য একটি গাড়িতে থাকা আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে তুলে নিয়ে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে, তৎকালীন কাউন্সিলর নূর হোসেন প্রায় ছয় কোটি টাকার বিনিময়ে তৎকালীন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও নম্বর অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানার মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটায়। তারেক সাঈদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, র‌্যাবের ট্রলারে তুলে ভিকটিমদের মুখে পলিথিন ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে রাত আড়াইটার দিকে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মোহনায় প্রতিটি লাশের সঙ্গে দুটি করে ইটের বস্তা বেঁধে চাকু দিয়ে পেট ফুটো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনার আগে ও চলাকালে নূর হোসেনের সঙ্গে মেজর আরিফের একাধিক ফোনালাপ ও টাকা লেনদেন সংক্রান্ত এসএমএস চালাচালি হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ৩৫ জন আসামির মধ্যে নূর হোসেন এবং র‌্যাবের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ ১৫ জনের ফাঁসি বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টের রায়ের প্রায় ৯ বছর পর আপিল বিভাগে মামলাটি শুনানির চূড়ান্ত পর্যায়ে এসেছে। এই মামলায় বিচার চূড়ান্ত হওয়ার আশায় দীর্ঘ ১২ বছর ধরে লড়াই চালিয়ে আসা নজরুলের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে হলেও তিনি অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চান।

অন্যদিকে ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের ক্যাডাররা। চরম আকুতি-মিনতি করেও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পারেননি এই দর্জি। দীর্ঘ ১৪ বছর ধরে বিশ্বজিতের বৃদ্ধ বাবা-মা ও ভাই বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও সাজা কার্যকর না হওয়ায় তাঁরা হতাশ, তবে এখনো ন্যায়বিচারের আশা ছাড়েননি। মামলাটিতে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর নিম্ন আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন এবং বাকি দুজনকে খালাস দেন। একই সঙ্গে যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে দুজন খালাস পান। আপিল বিভাগে এই মামলার বিচার সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল।

বুয়েটের ১৭তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের ক্যাডাররা। ফেসবুকে ভারতবিরোধী এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। আবরার মৃত্যুর দুই দিন আগে দেশভাগ পরবর্তী মোংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর পানি বণ্টন এবং উত্তর ভারতে গ্যাস রপ্তানি নিয়ে একটি বিশ্লেষণাত্মক পোস্ট লিখেছিলেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, অনিক সরকার অপুসহ ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন দণ্ড দেন। গত বছর ১৬ মার্চ হাইকোর্ট সেই রায় বহাল রাখেন। দণ্ডিতদের করা ‘লিভ টু আপিল’-এর শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আবরারের ছোট ভাই বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ আশা প্রকাশ করেন, স্বাধীন মতামত প্রকাশের অপরাধে তাঁর ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশে এক দৃষ্টান্তমূলক নজির স্থাপিত হবে।

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য রয়েছে। সিনহার মা নাসিমা আক্তার ও বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন সাবেক কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে কোনো অপরাধীই যেন ছাড় না পায়। বিচারব্যবস্থার ওপর আস্থা রেখে তাঁরা আশা প্রকাশ করেন, দ্রুত সাজা কার্যকরের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হওয়ার বার্তা স্পষ্ট হবে।

আইনগত প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পুনারাবৃত্তি করে বলেন, আপিলকারীদের শুনানির উদ্যোগ নেওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষ থেকে জনগুরুত্বপূর্ণ এই চারটি মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন করা হয়েছে। অতীত অনিশ্চয়তা কাটিয়ে নির্ধারিত তারিখেই প্রয়োজনীয় আইনি প্রস্তুতি সম্পন্ন করে সর্বোচ্চ আদালতে শুনানি শুরু করতে রাষ্ট্রপক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছে।