সারা দেশে বর্তমানে অন্তত ৩৮৬টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। পুলিশ সদরদপ্তরের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, এসব গ্যাংয়ের মোট সদস্য সংখ্যা সোয়া ৪ হাজারের বেশি। অপরাধ কর্মকাণ্ডের বিস্তৃতি ও গ্যাংগুলোর আধিপত্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় ১৫৯টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবমতে, রাজধানীতে সক্রিয় এসব গ্যাংয়ে মোট ১ হাজার ৮১২ জন সদস্য রয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় সবচেয়ে বেশি ২৭টি গ্যাং রয়েছে, যেখানে সদস্য সংখ্যা সাড়ে ৩০০-এর বেশি। এছাড়া পল্লবী থানা এলাকায় রয়েছে ১৬টি গ্যাং।
ঢাকার বাইরে দেশের বিভিন্ন মহানগর ও জেলায় আরও ২২৭টি কিশোর গ্যাং সক্রিয় আছে, যাদের সদস্য সংখ্যা ২ হাজার ৫৫০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে সবচেয়ে বেশি ৯৮টি গ্যাং রয়েছে। এ ছাড়া সিলেটে ১৫টি, রাজশাহীতে ১৩টি, গাজীপুর মহানগরে ১৩টি এবং খুলনায় ৭টি গ্যাং সক্রিয়। জেলা পর্যায়ে নোয়াখালীতে সবচেয়ে বেশি ২৫টি গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে।
কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, হামলা, দখল ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে।

