রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রী ইসমাইল হোসেনকে হত্যার ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সোহেল রানা (৪০), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৮) এবং হেলপার মোহাম্মদ মনির হোসেন (১৮)। রোববার ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বনানীর এয়ারপোর্টগামী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মুখ ও দুই হাত স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং গলায় গামছা দিয়ে পেঁচানোর দাগ ছিল। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ‘রাজ ক্লাসিক’ নামের একটি বাসকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাসটি জব্দ করা হয় এবং এর চালক ও কর্মীদের গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে জামালপুরের দিকপাইক বাসস্ট্যান্ড থেকে ইসমাইলকে যাত্রী হিসেবে বাসে তোলা হয়। বাসের ভাড়া নেয়ার সময় ইসমাইল তার লুঙ্গির কোছা থেকে টাকা বের করলে সুপারভাইজার সাজু ওরফে লিমন সেখানে অনেকগুলো টাকা দেখতে পান। তিনি বিষয়টি বাসচালককে জানান এবং ধারণা করেন যে ইসমাইল একজন ব্যবসায়ী হতে পারেন। এরপরই তারা ওই যাত্রীর টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, বাসটি চন্দ্রা বাসস্ট্যান্ডে ইসমাইলকে না নামিয়ে অন্যান্য যাত্রীদের গাজীপুরের বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। এরপর সুপারভাইজার ও হেলপার মিলে ইসমাইলের মুখ ও হাত স্কচটেপ দিয়ে বেঁধে ফেলেন এবং গামছা দিয়ে পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। পরে এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে পিলার নম্বর ১৭৯ ও ১৮০-এর মাঝামাঝি জায়গায় মরদেহ ফেলে রেখে চলে যান তারা। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজু ওরফে লিমনের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা এবং সোহেলের বিরুদ্ধে দুটি ডাকাতি ও দুটি মাদক মামলাসহ দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

