মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য জাল নথি তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাত দিয়ে মালয় মেইল জানিয়েছে, সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন বাণিজ্যিক এলাকার ১১টি স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং একজন নারীকে এই জালিয়াত চক্রের মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। অভিযানে আটক ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জনের বিরুদ্ধে বিদেশি শ্রমিকদের জন্য ভুয়া নথি তৈরির অভিযোগ রয়েছে এবং বাকি ১৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এছাড়া একই অভিযোগে আরও তিন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মিয়ানমারের এবং দুজন ইন্দোনেশিয়ার নাগরিক।
‘অপস সেরকাপ’ নামক এই অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে জাল অস্থায়ী কর্মসংস্থান পাসের কপি এবং ভুয়া পুলিশ প্রতিবেদনও উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, প্রতিটি জাল কর্মসংস্থান পাস ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভুয়া পুলিশ প্রতিবেদন ৭০ রিঙ্গিতে বিক্রি করা হতো।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা নিয়ে কারসাজি এবং নথি জালকারী চক্রের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করছে। এমন সময় এই অভিযান চালানো হলো যখন বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা গতি পেয়েছে। অনিয়ম ও শ্রম শোষণের অভিযোগের কারণে ২০২৪ সালে বিধিনিষেধ আরোপের পর সম্প্রতি মালয়েশিয়া নতুন করে ৩১২টি বাংলাদেশি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এর আগে ২৫টি রিক্রুটিং এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অনুমোদন দেওয়া হয়েছিল। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও অতিরিক্ত অর্থ আদায়ের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ে বাংলাদেশ সরকার ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী, এসব এজেন্সি সরকারি নির্ধারিত ব্যয়ের চেয়ে বেশি অর্থ নিয়ে কর্মীদের কাছ থেকে প্রায় ৪ হাজার ৫৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী, এসব এজেন্সি ২ লাখ ৬৭ হাজার ২৭৬ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছিল। তারা কর্মীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ব্যয়ের চেয়ে অর্থ নিয়ে ৪ হাজার ৫৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

