২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য সময় জানা গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭ থেকে রমজান মাস শুরু হতে পারে। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে, সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের রমজান প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা বলছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে পরের দিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে। সে অনুযায়ী ৭ ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবির নামাজ পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে এবং ঈদুল ফিতরের তারিখ শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভরশীল। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলামের ইতিহাসে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস, কারণ এই মাসেই পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-সদকার মতো ইবাদতে মশগুল থাকেন।

আসন্ন রমজানকে কেন্দ্র করে আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন মুসলিম দেশে ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করবে। তবে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখটি চূড়ান্ত নয়; বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।