যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট প্রাইমারিতে আবদুল এল-সাইয়েদের বিজয় কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, এটি মার্কিন ডেমোক্র্যাটিক রাজনীতির প্রচলিত ধারার প্রতি একটি বড় চ্যালেঞ্জ। মুসলিম অভিবাসী পরিবারের সন্তান সাইয়েদ প্রথাগত রাজনৈতিক কাঠামোর বাইরে অবস্থান নিয়ে এই জয় ছিনিয়ে নিয়েছেন। তার এই সাফল্য মধ্যপন্থী রাজনীতিবিদদের সেই আত্মতুষ্ট ধারণাকে ভুল প্রমাণ করেছে, যারা মনে করতেন প্রগতিশীলদের প্রভাব কেবল বড় শহর বা সাময়িক ঘটনার মধ্যে সীমাবদ্ধ। মিশিগানের মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে তার এই জয় জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাইয়েদের এই জয় ঠেকাতে তার প্রতিপক্ষ হেইলি স্টিভেন্সের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল। এটি ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রাইমারির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে। শেভরন ও ফিলিপ মরিসের মতো বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো তার প্রতিদ্বন্দ্বীর জন্য ৬ কোটি ডলারের বেশি অর্থায়ন করেছিল, যার একটি বড় অংশ এসেছে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) সমর্থিত সুপার প্যাক থেকে। প্রতীকী দিক থেকে এই জয় এটিই প্রমাণ করে যে, বিশেষ স্বার্থগোষ্ঠী ও করপোরেট শক্তির প্রভাব সত্ত্বেও সাধারণ ভোটারের সমর্থনে জয় পাওয়া সম্ভব।
এই নির্বাচনে ইসরায়েল একটি প্রধান আলোচনার বিষয় ছিল। তবে সাইয়েদ বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করেন। তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার নিয়ে বিতর্কে না জড়িয়ে বরং আমেরিকার করের অর্থ সেখানে কেন ব্যয় হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তার এই স্পষ্ট অবস্থান ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা পায়। এছাড়া, প্রগতিশীল নেতারা এখন ব্যয়বহুল স্বাস্থ্যসেবা, অভিবাসীদের প্রতি কঠোরতা এবং অর্থ অপচয়ের রাজনীতির বিপরীতে সৎ ভাবমূর্তির প্রতীক হিসেবে নিজেদের উপস্থাপন করছেন।
তবে প্রগতিশীলদের এই উত্থানের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। ডেমোক্র্যাটিক দলের মধ্যপন্থী গোষ্ঠী 'থার্ড ওয়ে' তাদের বিরুদ্ধে কোটি কোটি ডলারের প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে। রিপাবলিকানরা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই নতুন নেতাদের 'চরমপন্থী' হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। অনেকে মনে করেন, জাতীয় পর্যায়ে বামপন্থীদের লড়াই কঠিন, কারণ তাদের পরিবর্তনের প্রতিশ্রুতিকে অনেক সময় ভোটারদের মধ্যে ভয়ের কারণ হিসেবে উপস্থাপন করা হয়।
আবদুল এল-সাইয়েদ ও জোহরান মামদানির মতো নেতারা অভিবাসী পটভূমি ও নতুন রাজনৈতিক চিন্তার এক অনন্য সমন্বয় ঘটিয়েছেন। তারা নিজেদের অধিকার ও রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে দাবি করছেন। তবে ডেমোক্র্যাটিক দল যদি এই নতুন নেতৃত্বকে পুরোপুরি সমর্থন না দেয়, তবে দলের দুর্বলতা বাড়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত, প্রগতিশীলদের এই সাফল্য সব জায়গায় রিপাবলিকানদের বিরুদ্ধে একই ফল বয়ে আনবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবুও, তারা মার্কিন রাজনীতিতে এমন একটি নতুন পথের ইঙ্গিত দিচ্ছেন, যা উপেক্ষা করা ডেমোক্র্যাটিক দলের জন্য কঠিন হতে পারে।

