যমুনার তীব্র ভাঙনে ঝুঁকিতে পাবনার বেড়ার বিদ্যুৎ উপকেন্দ্র

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙনে চরম ঝুঁকিতে পড়েছে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র ও সঞ্চালন লাইন। নদীভাঙনের কবলে পড়ে ইতিমধ্যেই উপজেলার নতুন ভারেঙ্গা ও পুরান ভারেঙ্গা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নদীপাড়ের হাজার হাজার বাসিন্দার মধ্যে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চরকল্যাণপুর, চর সিংহাসন, বক্তারপুর ও নেউলাইপাড়া এলাকায় নদীভাঙনের কারণে শত শত বিঘা ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা নদীতে ভেসে গেছে। গত মঙ্গলবার রাতে কল্যাণপুরের ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি পিলার নদীগর্ভে তলিয়ে গেলে বিশাল এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। পরবর্তীতে টানা ২২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইনটি মেরামত করা হয় এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও চরাঞ্চলের বাসিন্দাদের কপালে এখন চিন্তার ভাঁজ। যেভাবে নদীভাঙন অব্যাহত রয়েছে, তাতে যেকোনো মুহূর্তে কল্যাণপুর উপকেন্দ্রটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। স্থানীয় বাসিন্দা বুলবুল হাসান অভিযোগ করে বলেন, প্রতি বছর এই এলাকায় ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে লোকদেখানো কাজ করে। এভাবে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও পরবর্তীতে ভাঙন রোধের কোনো কার্যকর চিহ্ন খুঁজে পাওয়া যায় না।

কল্যাণপুর ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের লাইন টেকনিশিয়ান (এলটি) মো. আলাউদ্দিন জানান, গত মঙ্গলবার রাতে আকস্মিক ভাঙনের কারণে উপকেন্দ্রের ট্রান্সফরমারসহ একটি খুঁটি নদীতে বিলীন হয়ে যায়, যার ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তিনি আরও সতর্ক করে বলেন, যমুনা নদী এখন উপকেন্দ্রটি থেকে মাত্র ২৫০ মিটারের মধ্যে চলে এসেছে। দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হলে পুরো উপকেন্দ্রটি নদীগর্ভে বিলীন হয়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

এ বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগের প্রকৌশলী মো. হায়দার আলী জানান, কল্যাণপুরসহ যমুনা নদী তীরবর্তী কয়েকটি এলাকায় ভাঙনের খবর তারা পেয়েছেন। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। খুব দ্রুতই নদীভাঙন রোধে কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।