রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলকে শপথ পাঠ করাবেন কে?

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই সিদ্ধান্তের পর তিনি দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে নির্ধারিত শপথ গ্রহণ করতে হবে।

সাংবিধানিক প্রেক্ষাপট বিবেচনায় ধারণা করা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর দায়িত্ব পড়তে পারে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, যখন স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন সংসদের স্পিকারের কার্যাবলি ডেপুটি স্পিকারকে পালন করতে হয়। সেই নিয়ম অনুযায়ী, বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করছেন।

অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফশিল অনুযায়ী, নির্দিষ্ট কোনো পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত শপথ নিতে হয় এবং এই শপথ পাঠ করানোর দায়িত্ব সংবিধানে নির্দিষ্ট করা আছে। এই সাংবিধানিক কাঠামো অনুযায়ী, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর দায়িত্ব পালন করবেন বলে মনে করা হচ্ছে।