রাজধানীর উত্তরায় সাত মাসের শিশুকন্যাকে আছড়ে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবা কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা ও তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সালের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রিকশাচালক কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান ছিল সাত মাস বয়সী রাফা মনি। অভিযোগ রয়েছে যে, কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশা করার পর প্রায়ই স্ত্রীকে মারধর ও গালাগাল করতেন। ১৫ জুলাই সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কবির ইসলাম ক্ষিপ্ত হয়ে লিমার বাবার বাসা থেকে শিশুটিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে ফেলেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় রাফা মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। পরদিন ১৭ জুলাই শিশুটির নানি শারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল, পরে এই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন, যার শুনানি শেষে আদালত আজ তা মঞ্জুর করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নিলেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

