টঙ্গীতে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল, বিচারের দাবিতে সরব নেতাকর্মীরা

জুলাই অভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘অদম্য জুলাই মিছিল’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা। বুধবার বিকেলে আসরের নামাজের পর টঙ্গীর গাজীপুরা এলাকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টঙ্গীর চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় টঙ্গীর রাজপথ শহীদ শাকিল পারভেজ ও শহীদ নাসির ইসলামসহ তা’মীরুল মিল্লাতের পাঁচ শহীদ এবং সব শহীদের হত্যার বিচারের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম ও সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের খুনিদের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত ও সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ কার্যকর করতে হবে।