পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণ নেই

ডাইং কারখানা খোলার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। কারখানা কেনার জন্য প্রয়োজনীয় ৫০ লাখ টাকা তিনি নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখেছিলেন। দুর্গাপূজা উদ্‌যাপনের উদ্দেশ্যে গত রোববার দুপুরে স্ত্রী-সন্তান নিয়ে তিনি গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে যান। কিন্তু পূজা শেষে শুক্রবার রাতে ফিরে এসে তিনি দেখেন, তার দীর্ঘদিনের জমানো স্বপ্নের সেই টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে। পাঁচ বছর ধরে সুখন চৌধুরী এখানে সপরিবারে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কর্মরত। সুখন চৌধুরী জানান, ডাইং কারখানা কেনার কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে ছিল। বাসায় না থাকার এই ছয় দিনের কোনো এক সময়ে চোরেরা আলমারি ভেঙে সব নিয়ে গেছে।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, শুক্রবার রাত আটটার দিকে তাঁরা নরসিংদীর বাসায় ফেরেন। চাবি থাকা সত্ত্বেও ফ্ল্যাটের দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পরে তালা কেটেও দরজা খোলা সম্ভব হয়নি। বাসার পেছনের দিকে গিয়ে দেখেন, জানালার গ্রিল কাটা। স্থানীয়দের সহায়তায় গ্রিল দিয়ে ভেতরে ঢুকে তারা দেখেন, আসবাবপত্র ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে।

এ ঘটনায় সুখন চৌধুরী শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।