শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ হবেই: মীর শাহে আলম

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণের দাবিকে যৌক্তিক উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে এই জাতীয়করণ আজ হোক বা কাল হোক, হবেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও মান-মর্যাদা বৃদ্ধির সব উদ্যোগ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের সমাজের মূল চালিকাশক্তি ও গণতন্ত্রের বার্তাবাহক হিসেবে অভিহিত করে বলেন, পৃথিবীর অন্য সব পেশার জন্ম হয় শিক্ষকতার মাধ্যমেই। তাই শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্নকারী যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নেওয়া নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের ছাদে ৫.৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে এবং ছুটির দিনে বা অতিরিক্ত সময়ে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিটি প্রতিষ্ঠান মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা বাজেট তিন গুণ এবং স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা হয়েছে।

সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, মাত্র ৭ মাস বয়সী বর্তমান সরকার শিক্ষা খাত পুনরুজ্জীবিত করতে নিরলস কাজ করছে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রায় ১ লাখ শিক্ষক-শিক্ষিকার ভাতা পরিশোধের জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে। জাতীয়করণের দাবির বিষয়ে তিনি পরামর্শ দেন, এর জন্য বছরে বাড়তি ৭ থেকে ৮ শত কোটি টাকার প্রয়োজন। তিনি শিক্ষকদের একটি সুশৃঙ্খল ও বড় পরিসরে জাতীয় সমাবেশ করে মানবিক ও গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি পৌঁছানোর আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধা নেই। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।