সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফিটনেস বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’-এর মেগা ইভেন্ট ‘সাস্ট হাফ ম্যারাথন’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৪। শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এই ম্যারাথনের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাস্ট ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই হাফ ম্যারাথন শুরু হবে। এবারের প্রতিযোগিতায় ২১.১ কিমি, ৭.৫ কিমি এবং ১.৫ কিমি (কিডস) ক্যাটাগরিতে রানাররা অংশ নিতে পারবেন। এর মধ্যে ২১.১ ও ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে শিক্ষার্থী (সাস্টিয়ান) এবং সাধারণ (জেনারেল) প্রতিযোগীদের জন্য আলাদা রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে।
রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে ২১.১ কিমি ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,২০০ টাকা ও জেনারেলদের জন্য ১,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৭.৫ কিমি ক্যাটাগরিতে সাস্টিয়ানদের জন্য ১,০০০ টাকা ও জেনারেলদের জন্য ১,২০০ টাকা এবং ১.৫ কিমি কিডস ক্যাটাগরির জন্য ১,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ১.৫ কিমি কিডস ক্যাটাগরি ছাড়া বাকি দুটি ক্যাটাগরিতে নারী ও পুরুষদের জন্য আলাদাভাবে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া ভেটেরান রানার ও কিডস ক্যাটাগরিতেও প্রথম থেকে তৃতীয় স্থান পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. সামিউল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও ক্লাবের উপদেষ্টা শরীফ সোহাগ, ক্লাবের ফাউন্ডিং মেম্বার নুরুহ হক, সিলেটের বিভিন্ন রানার্স কমিউনিটির প্রতিনিধি এবং ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।
সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন বলেন, অতীতের ইভেন্টগুলো রানারদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারের ইভেন্টটিও সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রানারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইভেন্ট সম্পর্কিত যেকোনো গঠনমূলক পরামর্শকে স্বাগত জানিয়েছেন ক্লাবের সভাপতি।

