সমন্বিত উদ্যোগে বাংলাদেশেও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশে সমন্বিত উদ্যোগ এবং এর দৃঢ় বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক সদিচ্ছা, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, কার্যকর আইনের কঠোর প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সাফল্য এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশেও এই সম্ভাবনা পুরোপুরি রয়েছে। এর জন্য কেবল প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচার ১১তম মহাসমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি একটি বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা ও ১২ দফা সুপারিশপত্র হস্তান্তর করা হয়েছে।

মহাসমাবেশে শুভেচ্ছা বক্তব্যে ইলিয়াস কাঞ্চন জোর দিয়ে বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা কোনো একক ব্যক্তি বা সংস্থার দায়িত্ব নয়, এটি একটি জাতীয় দায়িত্ব ও মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম, পরিবহন মালিক ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। নিসচা কারও প্রতিপক্ষ নয়, বরং মানুষের জীবনের পক্ষে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ নিরাপদে ঘরে না ফেরা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সমালোচনার চেয়ে সরকারের সহযোগী হিসেবে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানুষের মূল্যবোধ, দায়িত্ববোধ এবং আইন মেনে চলার একটি সুস্থ সংস্কৃতি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, পথনাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে সচেতনতার বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সাথে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে শৈশব থেকেই ট্রাফিক আইন ও নাগরিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার তাগিদ দেন তিনি।

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়ের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই)-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. শামসুল হক এবং নিসচা মহাসচিব লিটন এরশাদ। মহাসমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, পরিবহন খাতে সুশাসন, জবাবদিহিতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশ নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।