দেবীগঞ্জে শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তিকে ‘লাল কার্ড’ প্রদর্শন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শতাধিক শিক্ষার্থী শপথ গ্রহণ করেছেন। সোমবার সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং সামাজিক অবক্ষয় রোধের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।

শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, বাবা-মা ও শিক্ষকদের উৎসাহে তারা ভালো পথে থাকার প্রেরণা পান। আজ তারা সবাই মিলে ভালো মানুষ হওয়ার এবং মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকার শপথ নিয়েছেন। আরেক শিক্ষার্থী জানান, তারা উন্নত চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয়কে ‘লাল কার্ড’ দেখানোর মাধ্যমে এই শপথ গ্রহণ করেছেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, গত ১৫ বছর ধরে তাদের সংগঠন দেশের ৬৪টি জেলায় শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রহুল আমিন বলেন, শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের সচেতন করছেন। লাল সবুজ উন্নয়ন সংঘের এই শপথ ও লাল কার্ড কর্মসূচি সামাজিক অবক্ষয় রোধে একটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মকে সব ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।