সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় আলমগীর হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। নিহত আলমগীর সিংগাইরের ফোর্ডনগর গ্রামের সাদেমের ছেলে এবং তিনি ফোর্ডনগর এলাকার আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আলমগীর কয়েকজন ব্যক্তির সঙ্গে মদপান করেন। এরপর ফোর্ডনগর রাস্তার ওপর আখতার ফার্নিচার ফ্যাক্টরির সুমন খাঁর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে এই তর্কের জের ধরে মারামারি শুরু হলে আলমগীর মাথায় গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মদপানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ঘটনার শুরুতে নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড়ের অভিযোগ তোলা হলেও বর্তমানে এ বিষয়ে পরিবারের আর কোনো অভিযোগ নেই।