সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে। তিনি পেশায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মী ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শুভঙ্কর শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় পৌঁছালে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লস্কর ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে অ্যাডভোকেট আজিবার উকিলের বাড়ির সামনে মুন্সিগঞ্জ থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর শুভঙ্কর সড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৭

