ভারত থেকে টেলিগ্রামে আ.লীগের কমিটি ঘোষণা করলেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে টেলিগ্রামে এক গোপন ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই বৈঠকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তিনি সরাসরি যুক্ত হন। ‘বঙ্গবন্ধু মঞ্চ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অনুষ্ঠিত এই অনলাইন কার্যক্রমে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, ঝিনাইদহ সদরের নলডাঙ্গা, ঘোড়শাল, মহারাজপুর ও ফুরসন্ধি ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন।

বৈঠকে সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর পর দীর্ঘদিন শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে প্রয়াত সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নানকে সভাপতি এবং আইয়ূব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে মোট ৬০ জনের অংশগ্রহণ করার কথা থাকলেও দুজন অনুপস্থিত থাকায় ৫৮ জন অংশ নেন। বৈঠকটি চারজন মডারেটর পরিচালনা করেন এবং প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।

স্থানীয় ও জেলা পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এই সংবেদনশীল রাজনৈতিক বৈঠকের কোনো তথ্য ছিল না। সীমান্তের ওপারে অবস্থান করে শেখ হাসিনার এই কৌশলগত দিকনির্দেশনা ট্র্যাক করা সম্ভব না হওয়ায় স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈঠকে অংশ নেওয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের বিপর্যয় এবং চরম সার সংকটের বিষয়টি গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জোর প্রচারণার তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু এবং আলাল হোসেনসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ফেসবুকে এই বৈঠকের তথ্য শেয়ার করলে বিষয়টি জনসমক্ষে আসে। এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন্ হাছান জানিয়েছেন, এমন কোনো রাজনৈতিক জুম বৈঠক বা গোপন সমাবেশের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।