মোহাম্মদপুরে চালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৬ অক্টোবর শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান (আনিছ) বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলার অন্যতম দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেল বর্তমানে কারাগারে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্য মামলায় তাদের শুনানির দিন থাকায় কারা কর্তৃপক্ষ আজ তাদের আদালতে হাজির করতে পারেনি। এই কারণে আদালত অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ওইদিন তিনি গাবতলীতে নিজের ট্রাকটি রেখে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে চাঁদ উদ্যান এলাকায় গুলি লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এই মামলায় শেখ হাসিনাসহ মোট ২০ জন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ২৬ জানুয়ারি আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলায় পলাতক অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু। অন্যদিকে, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন আসামি বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। এছাড়া এই মামলার অপর ১০ জন আসামি জামিনে আছেন।