স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে অটোরিকশা চালক সুমন গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীতে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার সুমন নিহত স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক। তাকে আটকের পর পুলিশ কুমিল্লায় নিয়ে আসছে। কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সুপার উল্লেখ করেন। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা নিয়েও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

তাজমিনের চলাচলের পথ এবং সম্ভাব্য যাতায়াতের মাধ্যম নিয়ে পুলিশি তদন্ত চলছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিল। পরদিন কুমিল্লায় ফিরে সে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। গত ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে ফিরে সে রাতে পদুয়ার বাজারে পৌঁছায় এবং নূরজাহান হোটেলের সামনে নামে। সিসিটিভি ফুটেজে তাকে ওই এলাকায় দোকানির সঙ্গে কথা বলতে দেখা গেলেও, এরপর সে কোন পথে গিয়েছিল, তার কোনো ফুটেজ পাওয়া যায়নি। পরবর্তীতে ৮ অক্টোবর সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল।

নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত। নিহতের বাবা আবদুল আলীম গত বৃহস্পতিবার রাতে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবারই স্বজনরা মরদেহ বুঝে নিয়ে বাড়ি নিয়ে যান।