সাভারে ককটেল ও বোমা তৈরির উপকরণ জব্দ, ভবন ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং স্থানীয় মডেল থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযান চালাচ্ছেন। অভিযানস্থল থেকে ইতোমধ্যে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর সিটিটিসি সদস্যরা ওই বাড়িটির সামনে অবস্থান নিয়ে চারপাশ থেকে সেটি ঘিরে ফেলেন। অভিযান চলাকালীন নিরাপত্তার স্বার্থে সাংবাদিকসহ সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অভিযান চলাকালে ভবনটি থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো আসলেই কোনো শক্তিশালী বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে নিশ্চিত করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দক্ষিণ শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে এই অভিযান চালানো হচ্ছে। সেখানে একাধিক সন্ত্রাসী অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।