বহিষ্কারের এক বছর পর জানা গেল, ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ‘সাথি’ পদে যুক্ত ছিলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অর্থের বিনিময়ে পদবাণিজ্য, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা এবং অবৈধ অর্থনৈতিক লেনদেনের মতো গুরুতর অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠি থেকে এসব তথ্য উঠে এসেছে। যদিও চিঠিগুলো শিবিরের অফিশিয়াল প্যাডে ছিল না, তবুও সংগঠনটির বর্তমান দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন শাখা সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত চিঠিতে আম্মারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদবাণিজ্যের অভিযোগ আনা হয়। ওই বছরই ৩ ফেব্রুয়ারি শাখার মাসিক সেক্রেটারিয়েট সভায় অভিযোগগুলো আমলে নিয়ে তাঁর সাথি পদ মুলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর একই সভাপতির স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বলা হয়, বারবার সংশোধনের সুযোগ দেওয়ার পরও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রাখায় তাঁর সাথি পদ চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই বর্তমান সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত চিঠিতে আগের সিদ্ধান্তগুলো পুনর্ব্যক্ত করা হয়। সেখানে নৈতিক পদস্খলন, মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশা, ইবাদতে উদাসীনতা, অবৈধ অর্থ লেনদেন ও সম্পদ তছরুপের অভিযোগের পাশাপাশি তাঁর কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়। চিঠিতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয় যেন তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখা হয় এবং অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের সময় সালাম বিনিময় থেকেও বিরত থাকা হয়। শুধু রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তাঁর সঙ্গে দাপ্তরিক সম্পর্ক রাখার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রথম আলোকে জানান, সালাহউদ্দিন আম্মার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়ার সময় শিবিরের সাথি পদে যুক্ত ছিলেন এবং কোডিং সিস্টেমে ক্যাম্পাসে স্থানান্তরিত হন। জুলাই আন্দোলনে তাঁকে প্রটোকল দিলেও পরবর্তীতে অর্থ কেলেঙ্কারি ও ইসলাম পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। শিবিরের দায়িত্বশীল আরেক নেতা নিশ্চিত করেছেন যে, বহিষ্কারের পর তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে বুধবার বহিষ্কারের বিষয়টি প্রকাশ্যে আসার পর সালাহউদ্দিন আম্মার তাঁর ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ দেওয়া হয়নি। চাঁদাবাজি প্রসঙ্গে তাঁর ভাষ্য, উপাচার্যের পরামর্শে কনসার্টের জন্য অর্থসহায়তার প্রস্তাব দিয়েছিলেন, যা ভুলভাবে প্রচার করা হয়েছে। এছাড়া তিনি নিজেকে শিবির ঘরোনার মনে করলেও কোনো পদে থাকার বিষয়ে স্পষ্ট ব্যাখা দেননি। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় রাজশাহীর স্থানীয় শিক্ষার্থীদের আনা কোনো কমিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সালাহউদ্দিন আম্মারের রাজনৈতিক মতাদর্শ নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছিল। গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনেও আম্মারের নেতৃত্বে শিবির ‘ডামি’ প্যানেল ঘোষণা করেছে বলে আলোচনা ছিল। আম্মার বরাবরই নিজেকে শিবির ঘরোনার বলে দাবি করে আসলেও শিবিরের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছিলেন।