রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্তস্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্রপ্রদর্শনী থেকে একটি বিতর্কিত চিত্রকর্ম সরিয়ে নেওয়া হয়েছে। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে ‘একাত্তরের চেয়ে চব্বিশ ভারী’ শিরোনামের একটি চিত্রকর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।
চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টিতে ধরা দাঁড়িপাল্লার এক পাল্লায় লাল অক্ষরে ‘৭১’ এবং অন্য পাল্লায় কালো অক্ষরে ‘২৪’ লেখা। এর মধ্যে ‘২৪’ লেখা পাল্লাটি কিছুটা নিচের দিকে ঝুঁকে থাকতে দেখা যায়, যা দেখে অনেকে মন্তব্য করেন যে এটি ৭১-এর তুলনায় ২৪-এর গুরুত্বকে বেশি হিসেবে উপস্থাপন করছে।
বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও চিত্রকর্মটির শিল্পী দীপ্ত দিপন দেবনাথ এই বিতর্কের প্রেক্ষিতে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি এখানে দাঁড়িপাল্লা বলতে ওজন মাপার যন্ত্র বোঝাতে চাইনি। দাঁড়িপাল্লা দিয়ে আমি এমন একটি গোষ্ঠী বা দলকে বুঝিয়েছি, যারা মুক্তিযুদ্ধকে কখনো সমর্থন করেনি। তারা নিজেদের স্বার্থলাভের জন্য ২৪-কে ৭১-এর চেয়ে বড় করে দেখাতে চায়—আমি চিত্রকর্মে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।’
শিল্পী আরও ব্যাখ্যা করেন, ‘ছবিটি ভালোভাবে দেখলে বোঝা যায়, ৭১ লেখা দিকে শুধুই ৭১ লেখা আছে, কারণ এর গুরুত্ব ব্যাখ্যা করতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু ২৪-এর লেখার সঙ্গে কিছু ইট-পাথরের টুকরা রয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে, ২৪-এর দিকে অতিরিক্ত ওজন দেওয়া হচ্ছে এবং তা নিজ স্বার্থলাভের উদ্দেশ্যে করা হচ্ছে।’
এদিকে চিত্রকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান। তিনি বলেন, ‘ছবিগুলো আগে থেকে পর্যালোচনা করা হয়নি বলেই এ ধরনের জটিলতা তৈরি হয়েছিল। প্রশাসন কোনো বিতর্কিত বিষয়কে কখনোই প্রশ্রয় দেবে না।’

