রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ জরুরি

রোহিঙ্গা সংকটের সমাধান যত বিলম্বিত হবে, পরিস্থিতি ততই জটিল আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই সংকটের নেতিবাচক প্রভাব কেবল রোহিঙ্গাদের ওপরই নয়, স্থানীয় জনগণের ওপরও পড়বে। তাই রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল কো–অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) এই আলোচনার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা ও মানবিক সংকটের তীব্রতার কারণে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, যা সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বর্তমান সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মানবিক সহায়তার গুরুত্ব স্বীকার করলেও মন্ত্রী এটিকে দীর্ঘমেয়াদী সমাধানের পথ মনে করছেন না। তিনি বলেন, মানবিক ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল না থেকে সংকটটির স্থায়ী সমাধান এবং টেকসই প্রত্যাবাসনের দিকে নজর দিতে হবে। গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশগ্রহণ করেন।