পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের এক শিক্ষার্থী র্যাগিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলের ওই ঘটনার পর তাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মেসে ফার্মেসি বিভাগের একদল শিক্ষার্থী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানকে ডেকে পাঠান। সেখানে নবীন এই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ, দোষত্রুটি খোঁজা এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে মুশফিকুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাঁর সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞান অনুষদের ডিন মো. ফজলুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. রাশেদুল হক জানান, প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

