অধ্যাপক ইউনূসকে হয়রানির ঘটনায় ১২ উপদেষ্টার তীব্র নিন্দা

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছেন তাঁর সরকারের ১২ জন উপদেষ্টা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেন তাঁরা। ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থক অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন এবং তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন অপবাদসূচক কথা বলছেন।

বিবৃতি প্রদানকারী সাবেক উপদেষ্টারা হলেন সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁরা যৌথ বিবৃতিতে বলেছেন, অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় তাঁরা তীব্র নিন্দা জানাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা দেশকে পুনর্গঠনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিত ঘটে যাওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছিল এই অন্তর্বর্তী সরকার। উপদেষ্টারা আরও উল্লেখ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশা ছিল তাঁদের।

বিবৃতিতে গভীর অনুতাপ প্রকাশ করে বলা হয়, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপপ্রচার চালাচ্ছে এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দিচ্ছে। উপদেষ্টারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব কাপুরুষোচিত কৌশল অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তাঁরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন যে, যতই ভয় দেখানো হোক বা ব্যক্তিগত হুমকি দেওয়া হোক, তাতে জুলাই বিপ্লবের প্রতি তাঁদের সংকল্প বিন্দুমাত্র টলবে না। বাংলাদেশের জনগণের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই মর্যাদা ফ্যাসিবাদী গোষ্ঠীর অপপ্রচারে মুছে ফেলা সম্ভব নয় বলেও তাঁরা উল্লেখ করেন।