রাতে গাড়ি চালিয়ে ঢাকার নাগরিক সেবা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ৩০ জুলাই গভীর রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।

এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মূলত রাতের বেলায় নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি দেখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে সেবার মান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরাসরি সমস্যাগুলো চিহ্নিত করতেই তিনি রাতে পরিদর্শনে বের হয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও প্রধানমন্ত্রী একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন। সেই সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে সেই সিদ্ধান্তটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।